মরক্কোকে প্রযুক্তি খাতে সহযোগিতার আহ্বান

৩১ জুলাই, ২০১৯ ১৫:৩৯  
প্রযুক্তি খাতে মরক্কোকে বাংলাদেশের সঙ্গে কাজ করার আহ্বান জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, কাঙ্খিত লক্ষ্য অর্জনে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে অর্থবহ সহযোগিতা প্রতিষ্ঠার বিশাল সুযোগ রয়েছে। বাংলাদেশে মরক্কো দূতাবাস আয়োজিত দেশটির ২০তম জাতীয় দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। ঢাকায় হোটেল ওয়েস্টিনে মঙ্গলবার (৩০ জুলাই) রাতের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড, গওহর রিজভী,বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্নসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাগণ এবং বিভিন্ন ট্রেডবডির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোস্তাফা জব্বার বলেন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ইত্যাদি ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে যা উভয় দেশের জন্য খুবই সম্ভাবনাময়। তিনি বলেন, বাংলাদেশ ও মরক্কো জাতিসংঘ, ন্যাম এবং ওআইসিসহ বহুপাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন প্লাটফর্মে সহমত এবং সহ-অবস্থানসহ অভিন্ন চিন্তা-ভাবনার স্বাক্ষর রাখছে - যা পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন প্রেক্ষিত বর্ণনা করে বলেন, উন্নত দেশের প্রেক্ষিতে চতুর্থ শিল্প বিপ্লব কিংবা রোবটিক অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাংলাদেশ কিংবা মরক্কোর সাথে এক হবে না। আগামী দিনের প্রযুক্তির অভাবনীয় চ্যালেঞ্জ মোকাবেলায় মরক্কো এবং বাংলাদেশ এক সাথে কাজ করার সুযোগ রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।